৩০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বাইটড্যান্স

১৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৯  

টিকটকের মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সের বর্তমান বাজার মূল্য প্রায় ৩০০ বিলিয়ন ডলার। সম্প্রতি বিনিয়োগকারীদের কাছে একটি শেয়ার বাইব্যাক প্রোগ্রাম সম্পন্ন করার পর এই মাইলফলকে পৌঁছেছে কোম্পানিটি। দুটি সূত্র ও প্রাপ্ত নথির বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি বাইটড্যান্স বিনিয়োগকারীদের কাছে ১৮০.৭০ ডলার প্রতি শেয়ারের দাম প্রস্তাব দেয়, যা তাদের আগের বাইব্যাক প্রোগ্রামের শেয়ার প্রতি ১৬০ ডলারের তুলনায় ১২.৯ শতাংশ বেশি।

সূত্র জানায়, এখনই আইপিওতে যাওয়ার পরিকল্পনা নেই বাইটড্যান্সের। বাইব্যাক প্রোগ্রামের মাধ্যমে কোম্পানি তার নিজস্ব তারল্য ধরে রাখতে চাইছে।

২০২২ সালের পর এটি বাইটড্যান্সের তৃতীয় বাইব্যাক প্রোগ্রাম। গত ডিসেম্বরে কোম্পানিটি প্রতি শেয়ার ১৬০ ডলারের হিসাবে প্রায় ৫ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার কিনে নেয়, যা তখন কোম্পানির মূল্যায়ন ২৬৮ বিলিয়ন ডলার নির্ধারণ করেছিল।

২০২৩ সালে বাইটড্যান্সের বৈশ্বিক রাজস্ব ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে, কোম্পানিটি যুক্তরাষ্ট্রে আইনি জটিলতার মুখোমুখি হয়েছে, যা এখনও চলমান রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ২৪ এপ্রিল একটি আইন স্বাক্ষর করেছেন, যা বাইটড্যান্সকে ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসায় বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় দেশটিতে টিকটক নিষিদ্ধ হতে পারে।

এ বিষয়ে বাইটড্যান্স এবং টিকটক উভয়েই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ডিবিটেক/বিএমটি